মো: রবিউল ইসলাম মুন্সি, ষ্টাফ রিপোটার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদী থেকে নিখোঁজের প্রায় একদিন পর সৌদি প্রবাসী ইউনুস আলী (৪৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের যৌথ অভিযানে সকাল দশ ঘটিকায় দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইউনুস আলী উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান (ঝাউলার বাজার) সংলগ্ন নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। দেশে ছুটিতে এসে আবারও সৌদি আরবে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে ইউনুস আলী শখের বসে ঝাকি জাল নিয়ে নলেয়া নদীতে মাছ ধরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত ১০টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনও নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন।
খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও রাতের অন্ধকার এবং প্রয়োজনীয় ডুবুরি সরঞ্জামের অভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা শুক্রবার সকালে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযান চলাকালে ঘটনাস্থলে আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ ভিড় করেন। একপর্যায়ে ইদিলপুর ইউনিয়নের রুঘনাথপুর গ্রামের ইউপি সদস্য রুহুল আমিনসহ কয়েকজন নদীর তীর দিয়ে উদ্ধার কার্যক্রম দেখতে যাওয়ার সময় রুঘনাথপুর গ্রামের নলেয়া নদীর মরাঘাটি এলাকায় নদীর কিনারে ইউনুস আলীর মরদেহ ভাসতে দেখতে পান। তাদের চিৎকারে ডুবুরি দল ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় অসংখ্য মানুষও নদীতে নেমে সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, ইউনুস আলী আট ভাইয়ের একজন ছিলেন। তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও সবার প্রিয় মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচার করেন, যা উদ্ধার তৎপরতায় সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে।
এ বিষয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ বলেন, “নিখোঁজ প্রবাসীকে উদ্ধারে আমরা বৃহস্পতিবার রাত থেকেই কাজ শুরু করি। শুক্রবার সকালে রংপুরের ডুবুরি দল ও স্থানীয় জনগণের সহযোগিতায় ইউনুস আলীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।”
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা আবু কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন।