সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা ও দেশের ৬ জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলছে, ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকালের মধ্যে এসব ঘটনা ঘটেছে।
এদিকে গোপালগঞ্জে আজ পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ করে বিক্ষোভ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিন দিন ধরে সারা দেশে চলমান নাশকতার ঘটনা নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নাশকতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকেরা (ডিআইজি) উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর—এই চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।
লিশের একটি সূত্র বলছে, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে নাশকতা করছেন তাঁর দলের নেতা–কর্মীরা। বিদেশে পলাতক নেতারা উসকানি দিচ্ছেন এবং নাশকতার জন্য টাকা পাঠাচ্ছেন। সম্প্রতি নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নেপথ্যের ব্যক্তিদের নাম পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত রোববার সন্ধ্যার পর কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি গোপালগঞ্জ, রাজশাহী ও নওগাঁয়। তাঁদের কেউ সরাসরি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁরা টাকার বিনিময়ে এসব কাজ করেছেন। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশ থেকে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, জনসাধারণের সহযোগিতা, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সংঘটিত প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাশকতা প্রতিরোধে শুধু ঘটনার পর ব্যবস্থা গ্রহণ নয়, বরং ঘটনার আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
