রাজধানীর শ্যামলীতে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।
শ্যামলী শিশু মেলার কাছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে মঙ্গলবার রাত ৯টার দিকে ঠিকানা পরিবহনের বাসটিতে কে বা কারা আগুন দেয় বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে শেরে বাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম মনির বলেন, “ঘটনার সময় যারা যাত্রী ছিল তারা দ্রুত বের হয়ে যায়।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শিহাব সরকার বলেন, “ঠিকানা পরিবহনের বাসটিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”
এদিকে ব্যস্ত সড়কে বাসে আগুন লাগার ঘটনায় বেশ কিছুক্ষণ মিরপুর সড়কের ওই অংশে যান চলাচল বন্ধ থাকায় আশপাশে যানজটের সৃষ্টি হয়।
